ঢাকাWednesday , 27 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

admin
August 27, 2025 7:19 am
Link Copied!

Spread the love

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: আজ বুধবার ২৭ আগস্ট ২০২৫ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে তিনি ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়।

বিদ্রোহী কবি হিসেবে খ্যাত নজরুল বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে এক অনন্য বিপ্লব ঘটান। কবিতা, গান, প্রবন্ধ, নাটক, উপন্যাস, গল্প, এমনকি চলচ্চিত্রেও রেখেছেন উজ্জ্বল উপস্থিতি। তিনি ছিলেন সাংবাদিক, গায়ক, সুরকার ও অভিনেতা—সবক্ষেত্রেই সমান পারদর্শী।

১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবে ‘দুখু মিয়া’ নামেই পরিচিত ছিলেন নজরুল। তার বাবা কাজী ফকির আহমেদ এবং মা জাহেদা খাতুন। শোষিত-নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠা, প্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা তার সাহিত্যকর্মের মূল উপজীব্য।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২৪ মে তাকে ঢাকায় আনা হয়। সরকার তাকে জাতীয় কবির মর্যাদা দেয়। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করে এবং ১৯৭৬ সালে একুশে পদক প্রদান করা হয়।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়েছে। বাংলা একাডেমি দিনব্যাপী সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিকেল ৪টায় একাডেমির শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নজরুল গবেষক অধ্যাপক ডঃ আনোয়ারুল হক। আলোচনায় অংশ নেবেন ডঃ সৈয়দা মোতাহেরা বানু ও কাজী নাসির মামুন। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করবেন টিটো মুন্সী এবং নজরুলগীতি পরিবেশন করবেন ফেরদৌস আরা, শহীদ কবির পলাশ ও তানভীর আলম সজীব।

ঢাকাসহ সারাদেশে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছে। কবির কবর জিয়ারত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সর্বস্তরের মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।