
নিজস্ব প্রতিনিধি, মোঃ রফিকুল ইসলাম লাভলু: রংপুরের পীরগাছা উপজেলায় জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে এক কৃষক পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ওই পরিবারের কমপক্ষে ০৫ জন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলার মনিরামপুর গ্রামের কৃষক মো. আবু তালেব প্রামাণিক তার স্ত্রী ও সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে পাওয়া জমিতে বসবাস করে আসছেন। সম্প্রতি একই এলাকার কতিপয় ব্যক্তি তাদের ওই জমি জোরপূর্বক দখল করার জন্য দীর্ঘদিন ধরে পাঁয়তারা করে আসছিল। এ বিষয়ে গত ২০ জুলাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জমির প্রকৃত মালিকানা আবু তালেব প্রামাণিকের বলে প্রমাণিত হয়।
কিন্তু সালিশের সিদ্ধান্ত অমান্য করে গতকাল রোববার দুপুরে প্রতিপক্ষের পাঁচ থেকে ছয়জন সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আবু তালেব প্রামাণিকের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারপিট শুরু করে। হামলায় আবু তালেব প্রামাণিকের স্ত্রী, দুই ছেলে ও এক ভাতিজিসহ পরিবারের কমপক্ষে ০৫ জন গুরুতর আহত হন। হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।
আবু তালেব প্রামাণিক অভিযোগ করে বলেন, “সালিশে আমাদের পক্ষে রায় আসার পরও সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা করে। তারা আমার পরিবারের সদস্যদেরকে মারধর করে এবং জমি ছেড়ে না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।”
ঘটনার পর থেকে সন্ত্রাসীরা বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে এবং থানা থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে বলে তিনি জানান। তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা দাবী করেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া এ বিষয়ে বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত চলছে। দ্রুততম সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
