
মোঃ রফিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিবেদক:-
রংপুর জেলাধীন পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে বেপরোয়াভাবে চলছে জমজমাট জুয়ার আসর। পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি প্রভাবশালী মহল দিনে এবং রাতে দেদারসে জুয়া খেলা চালাচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। কোন কিছুতেই দমন করা যাচ্ছে না সামাজিক ব্যাধি নামক এই জুয়া খেলা। প্রশাসনের নীরবতার কারণে জুয়াড়ীদের মিথ্যা প্রলোভনে পড়ে উঠতি বয়সের ছেলেরা এ নেশায় আসক্ত হয়ে পড়ছেন। হারিয়ে ফেলছেন সর্বস্ব।
সরেজমিনে দেখা যায়, উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলা পাড়া, মাঝবাড়ী, শিমুলতলী গ্রামের পার্শ্ববতী মাঝীপাড়া মধ্যবর্তী স্থানে এলাকায় প্রতিদিন দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চালানো হচ্ছে জুয়ার আসর।
এলাকার কুখ্যাত জুয়াড়ী নামে পরিচিত স্থানীয় প্রভাবশালী কিছু ব্যাক্তি অজ্ঞাত নামা প্রায় ৩০-৪০ জনের একটি বহর এ জুয়া খেলায় অংশ নিচ্ছে।
এসব জুয়ার আসরে দৈনন্দিন লক্ষাধিক টাকার জুয়া খেলা হয়। সেখানে নেতৃত্বে থাকা সিনিয়র জুয়াড়ীরা প্রতি বোর্ড বাবদ মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। এইভাবে সর্বস্ব হারিয়ে নবাগত জুয়াড়ীরা প্রতিনিয়ত খুজে নিচ্ছে অসাদু উপায়। ফলে এলাকায় বৃদ্ধি পাচ্ছে চুরি, ছিনতাই সহ অপরাধ প্রবণতা। প্রকৃতপক্ষে যেখানে প্রশাসন জুয়া খেলা নির্মূলে বদ্ধপরিকর অবস্থানে রয়েছে, সেখানে তারা অনেকটাই সক্রিয় ভাবে জুয়া খেলা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
গোপন ক্যামেরায় ধারণকৃত চিত্রটিই বলে দিচ্ছে জুয়াড়ীদের অবস্থান কতটা দুঃসাহসিক পর্যায়ে পৌছে গেছে ।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, কিছু প্রভাবশালী ব্যক্তির কারণে কিশোর বয়সের ছেলেরা বুঝে উঠার আগেই করাল গ্রাসে এই সর্বস্ব খোয়ানো খেলায় আসক্ত হয়ে পড়ছে। প্রশাসনের তৎপরতা না থাকার কারণকেই দায়ী করছেন তারা। কিছু বললেই জুয়ারু প্রকাশ্যে বলছেন, আমরা প্রশাসন-সাংবাদিকদের ম্যানেজ করে খেলা চালিয়ে যাচ্ছি। ফলে এসব জুয়ার আয়োজনকারীদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, আমাদের প্রশাসনের নাম ভাঙ্গিয়ে যারা জুয়া চালিয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জুয়ার বিষয়ে জিরো টলারেন্স। ধরা পড়লে কোন ছাড় নেই।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
