
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
সাংবাদিকদের তথ্য যাচাই এবং ভুয়া তথ্য প্রতিরোধে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ময়মনসিংহে দিনব্যাপী একটি ফ্যাক্ট-চেকিং কর্মশালার আয়োজন করে।
শনিবার (০৫ জুলাই ২০২৫) ময়মনসিংহের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালাটি সিজিএস-এর আটটি বিভাগজুড়ে চলমান প্রশিক্ষণ কার্যক্রমের অংশ। জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের ২২ জন সাংবাদিক এই কর্মশালায় অংশ নেন।
প্রশিক্ষণ প্রদান করেন দ্যা ডিসেন্ট-এর সম্পাদক এবং এএফপি বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেকিং সম্পাদক কদরুদ্দিন শিশির। তিনি বলেন, বর্তমান সময়ে ভুল তথ্য সমাজে বিভ্রান্তি ছড়ানোর একটি প্রধান উৎসে পরিণত হয়েছে। এ প্রেক্ষাপটে সাংবাদিকদের তথ্য যাচাইয়ের সক্ষমতা গড়ে তোলা শুধু প্রয়োজনীয় নয়, বরং অপরিহার্য। সিজিএস যে দেশব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে, তা একটি সময়োপযোগী ও বাস্তব উদ্যোগ।
কর্মশালায় অংশগ্রহণকারীদের ডিজিটাল ভেরিফিকেশন টুলস, সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ, ওপেন সোর্স অনুসন্ধানসহ বিভিন্ন আধুনিক তথ্য যাচাই পদ্ধতি শেখানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিজিএস পরিচালনা পর্ষদের সদস্য সুবীর দাস এবং প্রবীণ সাংবাদিক এজেডএম ইমাম উদ্দিন মুক্তা। কর্মশালাটি পরিচালনা করেন সিজিএস-এর গবেষণা সহযোগী রোমান উদ্দিন এবং তাকে সহায়তা করেন গবেষণা সহকারী শামসুল আরিফ ফাহিম।
এক নারী অংশগ্রহণকারী সাংবাদিক বলেন, নারীদের বিরুদ্ধে অনলাইনে হয়রানি বেড়ে যাওয়ায় তথ্য যাচাই এখন আমাদের জন্য নিরাপত্তার অংশ। এই কর্মশালাটি অত্যন্ত সময়োপযোগী ও প্রাসঙ্গিক।
আরেক সাংবাদিক অংশগ্রহণকারী বলেন, এমন প্রশিক্ষণ বিভাগীয় পর্যায়ের বাইরেও প্রতিটি মিডিয়া হাউজে নিয়মিতভাবে আয়োজন করা উচিত। এতে সাংবাদিকতা আরও দায়িত্বশীল হবে।
