
স্টাফ রিপোর্টার (রংপুর): রংপুরের গঙ্গাচড়ায় সাত টন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাহুল মিয়া (১৩) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্ট থেকে উপজেলা রোডের শহীদ মিনারের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভুটকা গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল মান্নানের ছেলে রাহুল মিয়া (মানষিক প্রতিবন্ধী)সন্ধ্যায় গঙ্গাচড়া বাজার এলাকায় আসে। এ সময় জিরো পয়েন্ট হয়ে উপজেলা রোডের শহীদ মিনারের সামনে একটি সাত টন ট্রাক আসলে রাহুল সেই গাড়ির হাতল ধরে ঝুলে পড়ে এমন সময় চলন্ত গাড়ি থেকে হাত ফসকে চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা এগিয়ে এলে দেখা যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো ড-১৬-১৫৯০। ট্রাকটির চালক মোঃ চান মিয়া (পিতা: মৃত শহীদার রহমান), মধ্যপাড়া (মন্ত্রীপাড়া), গঙ্গাচড়া থানার বাসিন্দা।এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর ইউডি মামলা নং-০৫, তারিখ ১২ মার্চ ২০২৬। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।স্থানীয়দের দাবি, ব্যস্ত এ সড়কে ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
