গাইবান্ধা প্রতিনিধি: জাতীয় পর্যায়ে দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা হিসেবে সম্মাননা অর্জন করেছেন গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহাবুবুর রহমান। ‘ডিজিটাল সেন্টার স্টার ইনসেনটিভ অ্যাওয়ার্ড প্রোগ্রাম’-এর আওতায় দেশের নির্বাচিত ১৮ জন উদ্যোক্তার মধ্যে স্থান করে নিয়ে এ স্বীকৃতি পান তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযক্তি বিভাগ, এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, সারা দেশের ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের মধ্য থেকে দীর্ঘ ও প্রতিযোগিতামূলক মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে ১৮ জনকে নির্বাচিত করা হয়। এ ক্ষেত্রে উদ্যোক্তাদের দক্ষতা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও কর্মদক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়। মূল্যায়ন প্রক্রিয়ায় বিভাগীয় পর্যায়ের কর্মসূচি, প্রশিক্ষণ, অনলাইন সাক্ষাৎকার, সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প উপস্থাপন, প্রেজেন্টেশন তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও নির্মাণসহ বিভিন্ন ধাপ অনুসরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মী। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এটুআই, স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি এবং ব্যাংক এশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নির্বাচিত ১৮ জন উদ্যোক্তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।
এ অর্জনে উচ্ছাস প্রকাশ করে মাহাবুবুর রহমান জানান, এর আগেও তিনি দুইবার জাতীয় পর্যায়ে দেশসেরা ইউনিয়ন ডিজিটাল তথ্য উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া রংপুর বিভাগীয় পর্যায়ে উদ্যোক্তা পুরস্কার অর্জনের পাশাপাশি গাইবান্ধা জেলায় সাতবার সেরা উদ্যোক্তা হওয়ার গৌরব অর্জন করেছেন। এবারের জাতীয় পর্যায়ের স্বীকৃতি তাঁর কর্মজীবনের অর্জনে নতুন মাত্রা যোগ করেছে।
তিনি বলেন, এ সম্মাননা তাঁকে আরও দায়িত্বশীল ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে দ্রæত, সহজ ও মানসম্মত ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ অর্জন নতুন উদ্দীপনা জোগাবে। নিজের এ সাফল্যের পেছনে যাঁরা বিভিন্ন সময়ে সহযোগিতা, পরামর্শ ও উৎসাহ দিয়েছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025