
মোঃ রফিকুল ইসলাম লাবলু, নিজস্ব প্রতিবেদক: রংপুরে পীরগাছা উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিঠু মিয়া (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) রাতে উপজেলার অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন মধ্যপাড়া গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পীরগাছা থানা পুলিশ। গ্রেফতারকৃত মিঠু মিয়া উপজেলার জিগাবাড়ি জ্ঞানগঞ্জ বাজার এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে মিঠু মিয়াকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে মিঠু মিয়ার বিরুদ্ধে। পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ইসলাম জানান, “মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও বলেন, পীরগাছা উপজেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
