
নিজস্ব প্রতিবেদক, রংপুর
“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং গ্রাহকদের মধ্যে আধুনিক আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের পীরগাছায় পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার (২৪ জুন) সকালে উপজেলার মমতাজ প্লাজা চত্বরে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট, ব্যাংক কার্ড ব্যবহার, বাংলা কিউআর (QR) কোড এবং মোবাইল অ্যাপভিত্তিক লেনদেনের বিভিন্ন সুবিধা সম্পর্কে সরাসরি ধারণা প্রদান করা হয়।
এ বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
পূবালী ব্যাংক পিএলসি রংপুর শাখার ডেপুটি জুনিয়র অফিসার রুবেল মিয়ার সঞ্চালনায় এবং পীরগাছা উপশাখার ম্যানেজার মাছুমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আলতাফ হোসেন, পূবালী ব্যাংক পিএলসি রংপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান আরিফ মাহমুদ এবং স্থানীয় ব্যবসায়ী নাজিফা ফার্নিচারের স্বত্বাধিকারী নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “ডিজিটাল রূপান্তরের এ যুগে ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থা অর্থনৈতিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, নিরাপদ ও গতিশীল করবে।
পূবালী ব্যাংকের এ উদ্যোগ স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে পীরগাছা শাখার ম্যানেজার মাছুমা আক্তার বলেন, “একটি কার্যকর ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শুধু ব্যাংকিং সেবা নয়, ডিজিটাল আর্থিক সচেতনতা বৃদ্ধিতেও কাজ করছি।”
তিনি আরও জানান, ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার, পিওএস মেশিন পরিচালনা, মোবাইল অ্যাপভিত্তিক লেনদেন এবং বাংলা কিউআর কোডের মাধ্যমে তাৎক্ষণিক অর্থ পরিশোধ পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ ও পরামর্শ পাবেন।
আলোচনা সভায় ক্যাশলেস লেনদেনের গুরুত্ব, ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সুবিধা এবং কিউআর কোডভিত্তিক লেনদেনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
স্থানীয় ব্যবসায়ীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা বিস্তারে ব্যাংকের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025