প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৮, ২০২৬, ৫:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৭:২১ এ.এম
পীরগাছার ইটাকুমারী জমিদারবাড়ির কাচারি ঘরে মিলল অস্ত্রসহ গুলি।

মোঃ রফিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিবেদক:রংপুরের পীরগাছার ইটাকুমারী জমিদারবাড়ি থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে ওই জমিদারবাড়ির পরিত্যক্ত কাচারিঘর থেকে এসব উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, পীরগাছা থানার এসআই মো. সফিকুল ইসলাম আকন্দ ও এসআই আব্দুর রাজ্জাক রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তারা গোপন সূত্রে খবর পান ইটাকুমারী জমিদার বাড়ির একটি পরিত্যক্ত ভবনে ফেনসিডিল মজুত রয়েছে এবং সেখানে অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়ে রাত্রিকালীন দুটি টহল দল যৌথভাবে সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে ওই জমিদারবাড়ির পরিত্যক্ত কাচারিঘর থেকে একটি ১২ বোরের একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত সেখানেই জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
জমিদারবাড়িটি ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা জমিদার শিবচন্দ্র রায়ের বাড়ি, যা বর্তমানে ইটাকুমারী জমিদারবাড়ি নামেই সমধিক পরিচিত।
এ বিষয়ে পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে, গত ২৭ জুলাই উপজেলার কৈকুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জানালার সানসেট থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছিল থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025