ঢাকাThursday , 12 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভিজিএফ চাল চুরির প্রতিবাদ করায় বহরা ইউপি চেয়ারম্যান দরিদ্র সোহেলকে মারধরের অভিযোগ

admin
March 12, 2026 8:21 am
Link Copied!

Spread the love

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন পরিষদে সরকারি ভিজিএফ চাল চুরির অভিযোগ তুলে প্রতিবাদ করায় সোহেল মিয়া নামে এক দরিদ্র গ্রাহককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. ফরিদ মিয়া, তার ছেলে সোহেল মিয়া এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে বহরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত সোহেল মিয়ার বাড়ি ইউনিয়নের মির্জাপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত প্রায় ১৪ টন ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় কয়েকজন উপকারভোগী চাল না পাওয়ার অভিযোগ তুললে ইউনিয়ন পরিষদের পাশের একটি দোকান থেকে ৪-৫ বস্তা চাল উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে, এসব চাল বিতরণের আগেই সরিয়ে নেওয়া হয়েছিল।
এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন সোহেল মিয়া। এতে ক্ষুব্ধ হয়ে প্যানেল চেয়ারম্যান ফরিদ মিয়া তার ছেলে ও কয়েকজন গ্রাম পুলিশের সদস্যকে নিয়ে সোহেল মিয়াকে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে নিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়।
ঘটনার সময় চাল বিতরণের তদারকি কর্মকর্তা ও মাধবপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল এবং মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মামুনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে তারা ঘটনাস্থলে থাকলেও মারধর ঠেকাতে কোনো কার্যকর হস্তক্ষেপ করেননি বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।
ভুক্তভোগী সোহেল মিয়া বলেন, “চাল পাচারের বিষয়টি আমি ধরিয়ে দিয়েছিলাম। এ কারণে আমাকে মারধর করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
তবে প্যানেল চেয়ারম্যান ফরিদ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। তাকে শুধু শাসন করা হয়েছে।”
স্থানীয় নারী উদ্যোক্তা সাবানা চৌধুরী বলেন, “আমি ঘটনাটি দেখেছি। একজন অসহায় মানুষকে এভাবে মারধর করা মানবাধিকারের পরিপন্থী। এ ঘটনার বিচার হওয়া উচিত।”
চাল বিতরণের তদারকি কর্মকর্তা তুষার পাল বলেন, “চেয়ারম্যান একজন নাগরিককে এভাবে আঘাত করতে পারেন না। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, “ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ভিডিওতে কয়েকজনকে সোহেল মিয়াকে মারধর করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা ও ভিজিএফের উপকারভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।