
মোঃফেরদৌস আলম জহির (খান) জেলা প্রতিনিধি চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন (৪২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বেজা) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত কামাল উদ্দিন উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যক্তিগত ব্যবসায়িক কাজ শেষ করে নিজের গাড়িযোগে বড়তাকিয়া ফিরছিলেন কামাল উদ্দিন। গাড়িটি নিপ্পন কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ড্রামট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে তার ব্যক্তিগত গাড়িটি দুমড়ে-মুমুড়ে যায় এবং তিনি ভেতরে আটকা পড়েন।স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে গাড়ি কেটে তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বিকেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার প্রত্যক্ষদর্শী নাঈম সরকার জানান, “কামাল ভাই নিয়ম মেনেই রাস্তার একপাশ দিয়ে যাচ্ছিলেন। ড্রামট্রাকটি আচমকা এসে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। এটি সাধারণ দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা প্রয়োজন।” তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় জনতা ঘাতক ড্রামট্রাকটিসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ড্রামট্রাকটি জব্দ করেছে এবং চালককে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়ার কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা যুবদল নেতার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
