
নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)
মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শ্রীপুরের যৌথ উদ্যোগে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজী।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারদীন মুনির অর্ণব। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা জোয়ার্দার শফিউর রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের আহবায়ক খান আবু হাসান, উপজেলা প্রাণিসম্পদ উপসহকারী কর্মকর্তা ফরিদুর রহমান, সফল খামারি মোঃ ইদ্রিস আলী, রথীন্দ্রনাথ রায় প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমির পরিচালক সাংবাদিক আশরাফ হোসেন পল্টু। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা খামারি ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় তিনজন বিজয়ীর হাতে পুরস্কার ও ১০জন সফল খামারি উদ্যোক্তার মাঝে বিভিন্ন প্রকারের ওষুধ তুলে দেওয়া হয়।
