
হারুন অর রশিদ,পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলার আলাদিপাড়া গ্রামে এক প্রভাবশালীর দেয়াল নির্মাণের কারনে চারটি পরিবার তাদের চলাচলের একমাত্র রাস্তা হারিয়ে মারাত্মক দুর্ভোগে পড়েছে। ওই পরিবারগুলোর নারী ও শিশুসহ প্রায় ৩৫ জন সদস্য গত এক সপ্তাহ ধরে অনেকটা অবরুদ্ধ জীবন-যাপন করছেন। এব্যাপারে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও অস্থায়ী সেনা ক্যাম্পে আবেদন করেও কোন প্রতিকার না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কৈকুড়ী ইউনিয়নের আলাদীপাড়ার বাসিন্দা মো. আরিফ মিয়া আবেদন করেছেন যে, তার পরিবারসহ প্রতিবেশী আরও তিনটি পরিবারের সদস্যরা যে রাস্তাটি দিয়ে দীর্ঘদিন যাবৎ যাতায়াত করে আসছেন, সেটি গত এক সপ্তাহ আগে প্রভাবশালী প্রবাসী মোছা. হাসি বেগম ও তার সহযোগীরা জোরপূর্বক বন্ধ করে দেন। বর্তমানে সেখানে তিনি পাকা দেয়াল নির্মাণ করেছেন।
আরিফ মিয়ার দাবি করেন, প্রায় ৩৫ বছর ধরে ব্যবহার করে আসা রাস্তাটি হঠাৎ বন্ধ করে দেওয়ায় তার পরিবারসহ আরও ০৩টি পরিবারের নারী, শিশু ও বৃদ্ধ সদস্যরা চরম ভোগান্তিতে পড়েছেন। অসুস্থ্য রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়াও এখন চরমভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে তারা বাধ্য হয়ে অন্যের কৃষিজমির ভেতর দিয়ে অতিকষ্টে চলাচল করছেন।
তিনি বলেন, এব্যাপারে প্রতিকার চেয়ে আবেদন করার ৩/৪ দিন অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ না করায় ভূক্তভোগি পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়েছেন। তিনি জরুরী ভিত্তিতে রাস্তাটি খুলে দেয়ার জন্য দাবী জানান।
এ ব্যাপারে পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ রাসেল জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
