
সাইফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. লিয়াকত আলী খাঁন মুকুল
বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
গত ২৬ জানুয়ারি রাজধানীতে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল দীর্ঘদিন ধরে দেশের আবাসন ও শিল্প খাতে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকা ও দেশ রেডিও-এর চেয়ারম্যান হিসেবেও যুক্ত রয়েছেন।
গণমাধ্যম অঙ্গনে তার সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি তিনি অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর একজন নির্বাচিত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন, যা ইলেকট্রনিক মিডিয়া খাতে তার অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার স্বীকৃতি বহন করে।
সংশ্লিষ্ট মহলের মতে, তার সুদূরপ্রসারী চিন্তাভাবনা, দক্ষ নেতৃত্ব ও পেশাদার অভিজ্ঞতার মাধ্যমে এশিয়ান টেলিভিশন আরও গতিশীল, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নতুন উচ্চতায় পৌঁছাবে। নবনির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বে চ্যানেলটি দর্শকপ্রিয়তা ও মানসম্মত সম্প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
