
আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় বাজার এলাকায় বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি ‘নৌকা’ রাতের আঁধারে রাস্তার মোড়ে ঝুলিয়ে দিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন স্থানীয় দুই আওয়ামী লীগ কর্মী।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ময়নাল হক (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে। তিনি মৃত আকাব আলীর ছেলে এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুলাই) গভীর রাতে কুড়ার পাড় বাজারের এক মোড়ে বাঁশের মাথায় ঝুলিয়ে রাখা হয় নৌকার মতো একটি কাঠামো, যা তৈরি করা হয়েছিল বাঁশ ও কাপড় দিয়ে। নৌকার সঙ্গে ডিজিটালভাবে ছাপানো একটি ব্যানার লাগানো ছিল, যেখানে দুজন ব্যক্তির ছবি ও “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” লেখা দেখা যায়।
এই কাজের সাথে জড়িত ছিলেন আরও একজন—মৃত আব্দুস সামাদের ছেলে বারেক (৫৫), তিনিও স্থানীয় আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচিত।
শুক্রবার সকালে ঘটনাটি নজরে আসলে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ময়নাল হককে শনাক্ত করে তাকে নৌকাসহ থানায় নিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নালের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর ব্যক্তি বারেককে আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
ঘটনাটি পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। স্থানীয়রা এমন অদ্ভুত কর্মকাণ্ডে হতবাক এবং এর পেছনের উদ্দেশ্য নিয়ে চলছে নানা আলোচনা ও প্রশ্ন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন এটি রাজনৈতিক প্রচারণার এক ব্যতিক্রমী কৌশল, আবার কেউ এটিকে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা বলেও আখ্যায়িত করছেন।
পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
