
নিজেস্ব প্রতিবেদক, মোঃ রফিকুল ইসলাম লাবলু: মোবাইল ফোনকে সঙ্গী করে ঘরে বসেই গান তৈরি করছেন রংপুরের পীরগাছার তরুণ গীতিকার ও শিল্পী মো. জাকির হোছেন। তাঁর গানের বিষয়বস্তু মূলত সাধারণ মানুষের জীবন, বাস্তবতা, বঞ্চনা ও না-বলা কথাগুলো। আর সেই গান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে শোনা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
মো. জাকির হোছেনের বাড়ি রংপুরের পীরগাছা থানার দেউতি বাজারের নাগদাহ গ্রামে। তিনি জানান, প্রায় ১২ বছর ধরে গান লেখার সঙ্গে যুক্ত থাকলেও অনলাইনে নিয়মিতভাবে গান প্রকাশ করছেন প্রায় চার বছর ধরে। তাঁর এই পথচলায় সবচেয়ে বড় অনুপ্রেরণা ও সহযোগিতা পেয়েছেন তাঁর বাবার কাছ থেকে। বাবার সহযোগিতা না পেলে হয়তো এতদূর আসতে পারতেন না বলে জানান তিনি।
জাকিরের জন্মস্থান রংপুর হলেও পরিবারের সঙ্গে প্রায় ১৫ বছর ঢাকার সাভারে বসবাস করেছেন। বর্তমানে তিনি রংপুরে থাকেন। দীর্ঘদিন সাভারে থাকার কারণে তাঁর গানের ভাষা ও উপস্থাপনায় ঢাকার মানুষের কথ্যভাষারও প্রভাব রয়েছে।
পরিবারের পাঁচ সদস্যের মধ্যে জাকির সবার বড়। তাঁরা দুই ভাই ও এক বোন। শিক্ষাজীবনে তিনি সাভারের অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং মিজা গোলাম হাফিজ কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন।
জাকির হোছেনের গানের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিটি গানের পেছনে কোনো না কোনো বাস্তব ঘটনা বা মানুষের জীবনের গল্প থাকে। তিনি বলেন, সাধারণ মানুষের অনেক কথা থাকে, যা তারা নানা কারণে প্রকাশ করতে পারেন না। সেই না-বলা কথাগুলোই তিনি গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন।
রাজনীতি প্রসঙ্গে জাকির বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। বিভিন্ন সময়ে ক্ষমতাসীনদের কর্মকাণ্ড নিয়ে গান করায় তাঁকে কেউ কোনো দলের সমর্থক মনে করেছেন, আবার বর্তমানে সাধারণ মানুষের ওপর অন্যায়-অবিচারের কথা গানে তুলে ধরায় তাঁকে নিয়েও নানা ধরনের মন্তব্য করা হয়। তবে তাঁর দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের রাজনীতির সঙ্গে জড়িত নন; বরং অন্যায় ও সাধারণ মানুষের কথা বলাই তাঁর গানের মূল উদ্দেশ্য।
জাকির হোছেনের বেশ কিছু গান ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে ‘বিচার চাই’ ও ‘ডিজিটাল বাংলা’ উল্লেখযোগ্য। এ ছাড়া তাঁর আরও কয়েকটি গান সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রোতাদের কাছে প্রশংসা পেয়েছে।
প্রযুক্তির এই সময়ে বড় কোনো স্টুডিও বা জটিল আয়োজন ছাড়াই মোবাইল ফোন ব্যবহার করে ঘরে বসে গান তৈরি করছেন জাকির। নিজের অভিজ্ঞতা, চারপাশের মানুষের জীবন ও সমাজের বাস্তব চিত্রকে গানের কথায় তুলে ধরে তিনি পৌঁছে দিতে চান আরও বেশি মানুষের কাছে।
তাঁর স্বপ্ন গানের মাধ্যমে সাধারণ মানুষের কথা বলা এবং নিজের সৃষ্টিকে দেশের মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়া।
