
মো: রফিকুল ইসলাম লাভলু,নিজেস্ব প্রতিবেদক:-
রংপুর জেলার পীরগাছা উপজেলার ঐতিহ্যবাহী ঠাকুরের দীঘি এলাকায় দীর্ঘদিন ধরে চলমান জমি দখল ও মালিকানা সংক্রান্ত বিরোধের জট শেষ পর্যন্ত খোলাসা হলো প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে মাঠে থাকা কাঁচা ধান কেটে আনুষ্ঠানিকভাবে জমির দখল বুঝিয়ে দেওয়া হয় নির্ধারিত পক্ষের হাতে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেখা যায়, প্রশাসনের নির্দেশে শ্রমিকদের একটি দল মাঠে প্রবেশ করে জমিতে থাকা ধান কর্তন শুরু করে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, আনসার সদস্য এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রতিনিধিরা উপস্থিত থেকে পুরো কার্যক্রমের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানায়, কয়েক মাস ধরে ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল। বারবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরবর্তীতে ভূমি অফিসের যাচাই ও প্রয়োজনীয় নথি পর্যালোচনার পর প্রশাসন আইনানুগ প্রক্রিয়ায় জমির দখল হস্তান্তরের সিদ্ধান্ত নেয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একসময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলেও প্রশাসনের কড়া অবস্থানে তা দ্রুত নিয়ন্ত্রণে আসে।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন,
এটি সম্পূর্ণভাবে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষকে আগেই অবহিত করা হয়। আইনশৃঙ্খলা রক্ষার্থে আমরা কঠোর অবস্থানে আছি।”
এদিকে স্থানীয়রা জানান, জমিটি নিয়ে বছরের পর বছর ধরে বিরোধের কারণে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল। প্রশাসনের পদক্ষেপে অবশেষে এ বিরোধের অবসান ঘটায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। কেউ কেউ এটিকে “উপজেলার মধ্যে বিরোধ নিষ্পত্তির একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ” বলেও অভিহিত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
