
মোঃ একরামুল ইসলাম আশিক,লালমনিরহাট প্রতিনিধি:-লালমনিরহাট সদর উপজেলার তেলীপাড়া এলাকার যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার সকালে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী, বন্ধুমহল ও লায়ন্স স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সকাল ১০টায় লালমনিরহাট শহরের শেখ শফিউদ্দিন কমার্স কলেজ ও দক্ষিণ খোদ্দসাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়।এতে নিহতের স্বজনসহ এলাকার কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণকারীরা ‘সুমন হত্যার বিচার চাই’ এবং ‘খুনিদের ফাঁসি চাই’ স্লোগান দেন।
মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী নুরজাহান বেগম। তিনি প্রশাসনের কাছে তার স্বামীর হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে ফাঁসির দাবি জানান। সুমনের মা আনোয়ারা বেগম ও ভাবি মুক্তা বেগম বলেন, সুমন একজন নিরীহ মানুষ ছিলেন। তাকে যারা এভাবে কেড়ে নিয়েছে, আমরা তাদের কঠোর শাস্তি চাই।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দক্ষিণ খোদ্দসাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান আমিনুর, শেখ শফিউদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমান, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের (কেন্দ্রীয় কমিটি) সহ-সংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন এবং বন্ধু মহলের পক্ষে কবি ও সাংবাদিক হেলাল হোসেন কবির।
বক্তারা বলেন, পরিকল্পিতভাবে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা সমাজ ও আইনের জন্য চরম অবমাননাকর। তারা পুলিশ প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এলাকাবাসী আবুল কালাম ও এরশাদুল হক আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো কর্মসূচিটি সঞ্চালনা করেন তেলীপাড়া এলাকাবাসী ও লায়ন্স স্পোর্টিং ক্লাব চাঁদনী বাজার তেলীপাড়া লালমনিরহাট।
