ঢাকাFriday , 8 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

admin
May 8, 2026 4:32 am
Link Copied!

Spread the love

মোবারক হোসেন রাজু মীর, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী কাঁচামাটিয়া নদীকে অবৈধ দখল ও দূষণের হাত থেকে রক্ষা করে নব্যতা ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এক সময়ের প্রমত্তা কাঁচামাটিয়া নদী আজ প্রভাবশালী মহলের অবৈধ দখল এবং নির্বিচারে বর্জ্য ফেলার কারণে সরু খালে পরিণত হয়েছে। নদীর বুকে রাস্তা নির্মাণ ও অপরিকল্পিত ভরাটের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এভাবে চলতে থাকলে নদীটি অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধন শেষে পিএফজি ঈশ্বরগঞ্জ শাখার একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পিএফজি কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পিএফজি এম্বাসেডর একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ, সুজন সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার, সাবেক পৌর কাউন্সিলর মমতাজ বেগম, পিএফজি সদস্য হাবিবুর রহমান হাবিব, হাবিবুর রহমান শাহীন ও আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

স্মারকলিপিতে নদী রক্ষায় ৬টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। দাবীগুলো হলো, কাঁচামাটিয়া নদীর সকল অবৈধ দখলদার চিহ্নিত করে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা। নদীতে বর্জ্য ফেলা ও দূষণ বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা। জরুরী ভিত্তিতে নদী খনন (ড্রেজিং) কার্যক্রম শুরু করে নাব্যতা পুনরুদ্ধার করা। নদীর তীর সংরক্ষণ, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম গ্রহণ করা। নদী রক্ষায় স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে স্থায়ী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা। নদী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

কর্মসূচিতে পিএফজি ঈশ্বরগঞ্জ শাখার কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার বলেন, কাঁচামাটিয়া নদী আমাদের অঞ্চলের জীবন-জীবিকা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই নদী বাঁচানোর কোনো বিকল্প নেই। আমরা চাই প্রশাসন দ্রুত ড্রেজিং শুরু করে নদীর নব্যতা ফিরিয়ে আনুক।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পিএফজি এম্বাসেডর একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা বলেন, কাঁচামাটিয়া নদী শুধু ঈশ্বরগঞ্জের মানচিত্রের একটি রেখা নয়, এটি আমাদের কৃষি, অর্থনীতি ও অস্তিত্বের প্রাণস্পন্দন। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এক শ্রেণির প্রভাবশালী মহলের সীমাহীন লোভের বলি হতে চলেছে এই নদী। অবৈধ দখল আর ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়ে নদীটি আজ মৃতপ্রায়। আমরা পিএফজির পক্ষ থেকে এবং একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে স্পষ্ট ভাবে বলতে চাই। নদীর বুকে এই অবৈধ স্থাপনা ও দখলদারিত্ব আর বরদাশত করা হবে না।

আমাদের দাবি পরিষ্কার, অবিলম্বে নদী খনন করে এর নব্যতা ফিরিয়ে আনতে হবে এবং যারা নদীকে গলা টিপে মারছে, তাদের আইনের আওতায় আনতে হবে। আগামীর প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ ও এই নদীকে রক্ষা করতে আমাদের দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার বলেন, কাঁচামাটিয়া নদী আজ দখলদারদের কবলে পড়ে অস্তিত্ব সংকটে ভুগছে। ময়লা-আবর্জনা আর অবৈধ ভরাটের কারণে নদীটি এখন মৃতপ্রায় খালে পরিণত হয়েছে, যা আমাদের এই অঞ্চলের পরিবেশের জন্য এক অশনিসংকেত। আমরা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই নদী দখলের তীব্র নিন্দা জানাই। সাধারণ মানুষের জীবন-জীবিকা রক্ষায় এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে আমরা রাজপথে ছিলাম এবং থাকবো। প্রশাসনের কাছে আমাদের দাবি। অবিলম্বে নদী খনন করে দখলমুক্ত করা হোক, অন্যথায় আমরা সাধারণ জনগণকে সাথে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলবো।

উক্ত কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিক সমাজ, ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। স্মারকলিপির অনুলিপি স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সকল দপ্তরেও পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।