
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুরে উলিপুর পৌরশহরের মসজিদুল হুদা মোড়ে সচেতন শিক্ষার্থী সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে অপরাধ বেড়ে চলেছে। রামিসার পরিবারের হতাশা তারই প্রতিফলন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা আরও বলেন, সমাজে শিশুদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড আশঙ্কাজনকহারে বাড়ছে। শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে শিশুদের নিরাপত্তা বিঘ্নিত হবে। একই সঙ্গে তনু, নুসরাত, আছিয়া, মুনিয়া হত্যার বিচারের দাবি করা হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রদল নেতা ও সচেতন নাগরিক সমাজের পক্ষে আবু জাফর সোহেল রানা, বিশিষ্ট সংগঠক ও সচেতন নাগরিক সমাজের পক্ষে মতলেবুর রহমান মঞ্জু, প্রভাষক বাশার মাহমুদ, সচেতন নাগরিক রবিউল ইসলাম লিপ্ত, শাহরিয়ার রহমান আসাদ, পরিবেশ কর্মী ও সংগঠক সারাফাজ সৌরভ, নুরে জান্নাত সিদ্দিকা প্রমুখ।
