ঢাকাSunday , 16 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ইজারা ব্যবস্থা নিয়ে সিলেটে বাংলাদেশ লেখক শিবিরের ১০ দফা দাবি

Link Copied!

Spread the love

আফজাল মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: ‘ইজারা ব্যবস্থা: প্রেক্ষাপট ও বাস্তবতা’ বিষয়ে আলোচনা সভা করেছে বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখা। সভা থেকে বালু, মাটি, পাথর ও পানিসহ প্রাকৃতিক সম্পদের ওপর জনগণের অধিকার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে।

আজ সিলেট প্রেসক্লাবে বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি খালেদ উদ দীনের সভাপতিত্বে সভায় প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ।

সভায় বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা শাখার সমন্বয়ক নুরুল ইসলাম মকবুল, প্রবীণ রাজনীতিক ও বাংলাদেশ লেখক শিবিরের সদস্য নুরুল হুদা সালেহ, সংগঠনটির সিলেট জেলা শাখার সাবেক সহসভাপতি আকলিছ আহমেদ চৌধুরী, কৃষক-মজুর-মৎস্যজীবী সংগ্রাম কমিটির সমন্বয়ক মো. সাহেব আলী, মোহাম্মদ জসিম উদ্দিন, সদস্য জুনেদ আহমেদ, গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুরের বাসিন্দা শাওন দেবনাথ, বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি মজনু মুহিবুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সদস্য শিরিন মিয়া ও আব্দুর রাজ্জাক, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ জামিল, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকারকর্মী মো. মুহিবুর রহমান এবং অর্থনীতির সহকারী অধ্যাপক শামসুল কিবরিয়া।

মিনহাজ আহমেদের উপস্থাপিত প্রবন্ধে ইজারা ব্যবস্থার প্রেক্ষাপট, বিদ্যমান আইন ও আইনের প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব নিয়েও আলোকপাত করা হয়।

গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা শাওন দেবনাথ তার বক্তব্যে বালু উত্তোলনের কারণে দক্ষিণ প্রতাপপুর গ্রামের অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কার কথা তুলে ধরেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কৃষক-মজুর-মৎস্যজীবী সংগ্রাম কমিটির সমন্বয়ক মো. সাহেব আলী উথাইরা গাঙে পরিবেশ বিপন্ন করে বালু উত্তোলনের বিষয়টি তুলে ধরেন।

সংগঠনের অপর সমন্বয়ক মোহাম্মদ জসিম উদ্দিন জনগণের সম্পদ বালু, মাটি, পাথর ও জলাশয়ের ওপর অধিকার প্রতিষ্ঠায় জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানান।

নুরুল ইসলাম মকবুল ইজারা ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপট ও জনগণের আন্দোলন-সংগ্রামের বিষয় তুলে ধরেন। সাংবাদিক বদরুল ইসলামের বক্তব্যে নদী-খাল দখল করে ঘরবাড়ি নির্মাণের বিষয়টি উঠে আসে। দোয়ারাবাজারের বাসিন্দা শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক স্থানীয়ভাবে বালু ও মাটি উত্তোলনের বিষয়টি তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে খালেদ উদ দীন বালু, মাটি, পাথর ও পানিসহ প্রাকৃতিক সম্পদের ওপর জনগণের অধিকার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ১০ দফা দাবি উত্থাপন করেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে—বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ বাতিল, বালু-মাটি-পাথর ও পানি ব্যবস্থাপনায় স্থানীয় অধিবাসীদের সম্পৃক্ত করে নীতিমালা প্রণয়ন, প্রাকৃতিক সম্পদ ব্যক্তি খাতে ইজারা না দেওয়া, অভিযুক্ত ইজারাদারদের ব্যাংক হিসাব জব্দ করা, হাইড্রোগ্রাফিক, বাথিমেট্রিক সার্ভে ও নদীর গঠনগত সমীক্ষার ভিত্তিতে বালুমহাল ও জলমহালের সীমানা নির্ধারণ, প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও বিক্রয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিয়োগ এবং নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, মানুষের জীবন ও জীবিকা রক্ষা করা।

আলোচনা সভা থেকে এসব দাবি আদায়ে সংগঠিতভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।