ঢাকাThursday , 6 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

দুই মামলায় স্বস্তি, খালাস পেলেন সাবেক চেয়ারম্যান ওয়াসিম

Link Copied!

Spread the love

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম পৃথক দুটি মামলায় আইনি স্বস্তি পেয়েছেন। ভুয়া জন্মনিবন্ধন সনদ ইস্যুর মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন। অন্যদিকে সরকারি অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলায় দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলাটি পরিসমাপ্তি ঘোষণা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আদালত সূত্রে জানা গেছে, ভুয়া ও অস্তিত্বহীন ব্যক্তির নামে জন্মনিবন্ধন সনদ ইস্যুর অভিযোগে দায়ের করা মামলার রায় গত ৪ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান ঘোষণা করেন। রায়ে শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।
তবে একই মামলায় মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মোহাম্মদ নূরুল আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।

আদালতে দুদকের পক্ষে দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য, নথিপত্র ও অন্যান্য আলামত পর্যালোচনার পর আদালত এই রায় দিয়েছেন। সাবেক সচিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও সাবেক চেয়ারম্যান ওয়াসিমের বিরুদ্ধে অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে, মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হামিদা খালেদ টিআর ও কাবিখা প্রকল্পের সরকারি বরাদ্দের অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে ওয়াসিমের বিরুদ্ধে মামলা করেন। আদালতের নির্দেশে অভিযোগটি তদন্ত করে দুর্নীতি দমন কমিশন।

দীর্ঘ তদন্ত শেষে দুদক জানায়, সরকারি অর্থ আত্মসাৎ বা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। ফলে মামলাটি পরিসমাপ্তি ঘোষণা করা হয় এবং অভিযোগের সত্যতা প্রতিষ্ঠিত হয়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রায়ের প্রতিক্রিয়ায় শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম বলেন, জন্মনিবন্ধনের কারিগরি কার্যক্রম ও সংশ্লিষ্ট কোড ব্যবস্থাপনার দায়িত্ব সচিবের ওপর ন্যস্ত থাকে। তদন্তকারী কর্মকর্তাও অভিযোগপত্র থেকে তাকে অব্যাহতি দিয়েছিলেন। আদালতও সেই অবস্থান বহাল রেখে তাকে খালাস দিয়েছেন।
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ তদন্তেও অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। এজন্য তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

ওয়াসিম দাবি করেন, চেয়ারম্যান থাকাকালে তিনি মগনামা ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, উপকূলীয় বেড়িবাঁধ সংস্কার এবং জনকল্যাণমূলক বিভিন্ন কাজ বাস্তবায়ন করেছেন। এসব কর্মকাণ্ডের কারণে একটি মহল তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একাধিক অভিযোগ ও মামলা করেছিল। আদালতের রায় ও দুদকের তদন্তে প্রকৃত সত্য প্রতিফলিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, একটি উপকূলীয় বেড়িবাঁধ সংস্কার প্রকল্পের কাজ তিনি নিজস্ব অর্থায়নে সম্পন্ন করেছিলেন। পরবর্তীতে বিলসংক্রান্ত বিরোধ ও ভুল বোঝাবুঝির জেরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হলেও তদন্তে এর কোনো ভিত্তি পাওয়া যায়নি।

ভবিষ্যতেও আইন ও বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল থেকে মগনামাবাসীর কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সাবেক এই চেয়ারম্যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।