
মো. এহসানুল হক রনি, নীলফামারী
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের মাগুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সিঙ্গেরগাড়ী বাংলা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. ফিরিজুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উত্তর সিঙ্গেরগাড়ী নামাপাড়া এলাকার বাসিন্দা।
আটকের পর তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোচায় লুকিয়ে রাখা বিশেষ কায়দায় মোড়ানো ১০ গ্রাম হেরোইন এবং ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ লাখ টাকা এবং ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৮৪ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার হওয়া মাদকের মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১ লাখ ৮৪ হাজার টাকা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি গোপনে ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নীলফামারী জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
