
নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুরের পীরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি পুরাতন ভাঙা বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল এবং চারটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে উপজেলার চন্ডিপুর তিন রাস্তার মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা মালামাল যাচাই করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকদের মধ্যে মোঃ মজনু মিয়ার বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। থানার রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে পীরগাছা ও কাউনিয়া থানায় বিভিন্ন সময়ে দায়ের হওয়া অন্তত ১২টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা ছাড়াও জুয়া আইনের মামলাও রয়েছে।
পুলিশ জানায়, মজনু মিয়ার বিরুদ্ধে সর্বশেষ ২০২৫ সালের ১৮ ডিসেম্বর পীরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়। এছাড়া ২০২২, ২০২০, ২০১৭, ২০১৬ ও ২০১৪ সালেও তার বিরুদ্ধে একাধিক মাদক ও জুয়ার মামলা রেকর্ডভুক্ত রয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিপুর এলাকায় অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের দাবি, এলাকায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
