
মো: জুয়েল রানা ,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসীর দাবি, প্রকল্প অনুযায়ী রাস্তার দুই পাশে গাইট ওয়াল নির্মাণ এবং মাটি ভরাট করে সড়ক উঁচু করার কথা থাকলেও বাস্তবে তার ব্যত্যয় ঘটেছে। সরেজমিনে দেখা যায়, রাস্তার কেবল এক পাশে গাইট ওয়াল নির্মাণ করা হয়েছে, অপর পাশটি সম্পূর্ণ অবহেলিত। শুধু তাই নয়, যেখানে রাস্তা উঁচু করার কথা ছিল, সেখানে উল্টো আগের চেয়ে নিচু করে রাখা হয়েছে সড়কের বিভিন্ন অংশ। ফলে বর্ষা মৌসুম শুরুর আগেই সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে। এখন যে অবস্থা তৈরি হয়েছে, তাতে বর্ষা এলে চলাচল সম্পূর্ণ ব্যাহত হবে এবং যেকোনো সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়বে।” তারা আরও অভিযোগ করেন, সরকারের প্রায় ৫ লক্ষ টাকার এ প্রকল্পটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হওয়ার কথা থাকলেও কাজের মান ও পরিকল্পনায় বড় ধরনের গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। এতে করে সরকারের অর্থ ব্যয়ের সঠিক প্রতিফলন পাওয়া যাচ্ছে না বলে মনে করছেন সচেতন মহল। স্থানীয়দের হৃদয়বিদারক অভিজ্ঞতা এলাকাবাসী জানান, হালকা বৃষ্টিতেই ইতোমধ্যে রাস্তার বিভিন্ন অংশ পানির নিচে ডুবে গেছে। এতে মানুষ ও যানবাহনের চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। স্কুলগামী শিক্ষার্থী, রোগী বহনকারী যানবাহনসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। সামনে ভারি বর্ষা মৌসুম এলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করছেন তারা। অনেকেই বলছেন, এভাবে চলতে থাকলে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হবে—যা অত্যন্ত উদ্বেগজনক। এলাকাবাসীর দাবি, দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সড়কটি যথাযথভাবে সংস্কার করা হোক, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয়।
