
হেলাল উদ্দিন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে পার্বতীপুর উপজেলা যুবদলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) পার্বতীপুর মেইন রোডস্থ যুবদলের অস্থায়ী কার্যালয়ে এই সভাটি বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মমিনুল ইসলাম (ডাক্তার)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিজার রহমান তপু। সভায় প্রধান বক্তা হিসেবে দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব রশিদ সংগ্রাম।
সভায় পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ের এই শীর্ষ নেতারা তাদের বক্তব্যে দলের শৃঙ্খলা রক্ষা এবং আগামী দিনে রাজপথের আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা তাদের বক্তব্যে স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দলের সিদ্ধান্ত অমান্য করে যারা ইতিপূর্বে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন, তাদের কোনোভাবেই পুনরায় বিএনপিতে ফিরিয়ে নেওয়া যাবে না।” এই বিষয়ে তারা জেলা কমিটির প্রতি জোরালো দাবি জানান যাতে শৃঙ্খলা ভঙ্গকারীদের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়।
একই সাথে বক্তারা দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের কোনো দোসর বা অনুপ্রবেশকারী যেন সুকৌশলে বিএনপিতে যোগ দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করতে না পারে। তৃণমূলের কর্মীরা এই বিষয়ে অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে বলে সভায় অঙ্গীকার করা হয়।
সভায় আগামীর নেতৃত্বের বিষয়ে আলোকপাত করে নেতারা আশাবাদ ব্যক্ত করেন যে, ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান-এর সুযোগ্য নেতৃত্বে পার্বতীপুরে একটি অত্যন্ত শক্তিশালী, সুন্দর এবং গতিশীল উপজেলা কমিটি গঠিত হবে। এই নতুন কমিটি আগামী দিনের সকল গণতান্ত্রিক সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সভায় বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবদলকে একটি ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত করতে হবে। প্রতিটি ইউনিটে গঠনমূলক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তৃণমূলকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। সভায় উপস্থিত সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের যেকোনো ক্রান্তিলগ্নে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
