
হেলাল উদ্দিন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:- যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের পার্বতীপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস- ২০২৬ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ,এবং জাতীয় শ্রমিক শক্তি , পার্বতীপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির, দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক শামসুল মুক্তাদির। তিনি তার বক্তব্যে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “শ্রমিকদের ঘামেই গড়ে ওঠে সভ্যতার ভিত। তাদের ন্যায্য মজুরি ও উন্নত জীবন নিশ্চিত করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা শাখার প্রস্তাবিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ সরদার। বক্তব্য পর্বে বক্তারা সমসাময়িক প্রেক্ষাপটে শ্রমিক অধিকার ও জাতীয় রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। এ সময় আমন্ত্রিত অতিথি ও নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন, তানভীর আহমেদ সচিব,সাদেকুল আলম, মোতালেব হোসেন, শহিদুল ইসলাম, সুজন, জহির, সুরুজ আহমেদ ও শামসুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা ‘শ্রমিক ঐক্য জিন্দাবাদ’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (NCP) সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও শ্রমজীবী জনতা অংশগ্রহণ করেন। সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
