
মোঃ রফিকুল ইসলাম লাবলু,স্টাফ রিপোর্টার- রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি শুকনা গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানে জড়িত অপর এক আসামি পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে ইটাকুমারী ইউনিয়ন এলাকার নরসিংহ মৌজায় বিশেষ অভিযান পরিচালনা করে পীরগাছা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় এক কাঠের ফার্নিচারের দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর মাদক কেনাবেচার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— শ্রী রঞ্জন চন্দ্র (৪০) ও মোঃ মাইনুদ্দিন (২৮)। তাদের বাড়ি পীরগাছা উপজেলায়। এ ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার করুনা রায় (২৮) নামে আরও এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে, যিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
পুলিশ জানায়, আটক রঞ্জন চন্দ্রের কাছে থাকা পাঁচটি পোটলা থেকে ১ কেজি ২৫০ গ্রাম এবং মাইনুদ্দিনের কাছ থেকে ২৫০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট পরিমাণ ১ কেজি ৫০০ গ্রাম। এছাড়া মাদক বিক্রির নগদ ৯৫০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি রেডমি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
