
পীরগাছার ইউএনও পদোন্নতি জনিত বদলি: ফেসবুকে মানুষের আবেগঘন খুদে বার্তা।
মোঃ রফিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিনিধি:- পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হক সুমন এডিসি পদে পদোন্নতি পাওয়ায় তাকে ঠাকুরগাঁও জেলায় বদলি করা হয়েছে। বুধবার (২৫ জুন) এই উপজেলায়তার শেষ কর্মদিবসে সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পীরগাছায় দুই বছর পাঁচ মাসের বেশি সময় দায়িত্ব পালনকালে তিনি জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয় জয় করেন।
বিদায় উপলক্ষে অনেকেই তাকে নিয়ে ফেসবুকে আবেগঘন বার্তা লিখেছেন। বেলাল হোসেন নামে একজন লেখেন, ভালবাসা গুলো কেন জানি এমন হয়, যা হারিয়ে ফেলতে হয়। আপনি আমাদের স্বপ্নের বীজ বপন করেছেন। আপনাকে খুব মিস করবো প্রিয় স্যার। আপনি একজন সৎ ও বিচক্ষণ কর্মকর্তা।
আলমগীর প্রামানিক লিখেছেন, আমার দেখা অন্যতম সেরা ইউএনও ছিলেন নাজমুল হক সুমন স্যার। তিনি যেমন মানবিক ছিলেন, তেমনি শিক্ষা বান্ধব অভিভাবক। তাঁর আন্তরিকতা ও সহায়তা কোনো দিন ভোলার নয়। নতুন দায়িত্বে তিনি যেন আরও সাফল্য অর্জন করেন, সেই কামনা করি।
বিদায়ী বার্তায় ইউএনও নাজমুল হক সুমন পীরগাছাবাসীর উদ্দেশ্যে বলেন, প্রিয় পীরগাছাবাসী, গত দুই বছর পাঁচ মাস আপনাদের সঙ্গে ছিলাম। পীরগাছাকে উন্নত ও সুন্দর করতে যথাসাধ্য চেষ্টা করেছি। শিশু পার্ক, ‘I❤️PIRGACHA’ স্তম্ভ, মডেল মসজিদ নির্মাণ, রাস্তাঘাট উন্নয়ন, ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণসহ বিভিন্ন কাজ করেছি। অসমাপ্ত কিছু কাজ রয়ে গেল, যা আপনাদের সহযোগিতায় একদিন পূর্ণতা পাবে। কেউ আমার কাজে বা কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। পীরগাছাকে সারা জীবন স্মরণ করব এবং ভালবাসবো। তিনি পীরগাছার সকল স্তরের জনগণদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
