
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১২ দিন পর তেল সরবরাহ শুরু হলেও রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরাণী ফিলিং স্টেশনে তেল বিতরণ নিয়ে বৈষম্যের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, শুধুমাত্র একটি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হচ্ছে তেল বিক্রি, ফলে পার্শ্ববর্তী কান্দি ইউনিয়নের সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
বিশেষ করে মোটরসাইকেল চালক ও দৈনন্দিন যাতায়াতকারী সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। তেল না পেয়ে অনেকেই কর্মস্থলে যেতে পারছেন না, আবার কেউ কেউ বাধ্য হয়ে অতিরিক্ত দামে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছেন।
পাম্পে তেল নিতে আসা ভুক্তভোগীরা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তারা তেল পাচ্ছেন না। তাদের অভিযোগ, “কান্দি ইউনিয়নে কোনো ফিলিং স্টেশন না থাকায় আমরা কি তেল পাওয়ার অধিকার হারিয়েছি? তাহলে কি শুধু একটি ইউনিয়নের মানুষই তেল পাবে?”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাকের সঙ্গে কথা হলে তিনি জানান, “তেল সরবরাহে কোনো ধরনের বৈষম্যের নির্দেশনা নেই। সব ইউনিয়নের মানুষই তেল পাওয়ার অধিকার রাখে এবং কোথাও বাধা থাকার কথা নয়।”
কান্দি ইউনিয়নের সাধারণ জনগণের দাবি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সমতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এদিকে প্রশ্ন উঠেছে—এমন পরিস্থিতিতে প্রশাসন কেন নীরব দর্শকের ভূমিকায় রয়েছে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপই পারে এই ভোগান্তি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে।
